
মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় টিসিবির এক ডিলারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ খাদ্যপণ্য পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গুদামে থাকা চাল, ডাল, চিনি, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য আগুনে ভস্মীভূত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গুদামে প্রথমে আগুনের সূত্রপাত দেখতে পান আশপাশের লোকজন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেও সফল হননি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে। তবে প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।
অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাবসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে প্রশাসন জানিয়েছে।
আপনার মতামত লিখুন :