বড়াইগ্রামে কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত


বড়াইগ্রাম প্রতিনিধি, কায়েস উদ্দিন প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
বড়াইগ্রামে কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও সচেতনতা বাড়াতে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে কৃষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসনেয়ারা খাতুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. আব্দুল লতিফ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্রসাদ ক্যালন রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদী হাসান, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল মারুফ জানান, আধুনিক ও জ্ঞানভিত্তিক কৃষি চর্চা বাড়াতে উপজেলায় ইতোমধ্যে ৩৫টি কৃষক পার্টনার স্কুল গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে ২৫ জন করে কৃষক সদস্য রয়েছেন, যেখানে উত্তম কৃষি চর্চা, উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণ, ফল ও সবজি উৎপাদন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।