
বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করেছে পাকিস্তান। সম্প্রতি শ্রীলঙ্কার দৈনিক দ্য মর্নিং-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তা কমোডর ওমর ফারুক। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, চীনের সহায়তায় নির্মিত ‘পিএনএস হ্যাঙ্গর’ নামের একটি আধুনিক সাবমেরিন সম্প্রতি পাকিস্তান নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবমেরিনটি গ্রহণ করতে পাকিস্তান নৌবাহিনীর একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমোডর ওমর ফারুক। চীন থেকে ফেরার পথে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে যাত্রাবিরতিকালে তিনি দেশটির সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন।
সাক্ষাৎকারে কমোডর ফারুক বলেন, হ্যাঙ্গর-শ্রেণির সাবমেরিন পাকিস্তানকে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠার সক্ষমতা দেবে। তিনি জানান, পিএনএস হ্যাঙ্গর সিরিজের আরও সাতটি সাবমেরিন শিগগিরই পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হবে। এসব সাবমেরিনের মাধ্যমে বঙ্গোপসাগরে দীর্ঘমেয়াদি উপস্থিতি বজায় রাখার পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বঙ্গোপসাগরের সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ হতে পারে। কারণ, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে ভারতের প্রভাবই সবচেয়ে বেশি ছিল।
ঐতিহাসিকভাবে ১৯৭১ সালের আগে পাকিস্তানের একটি সাবমেরিন ‘পিএনএস হ্যাঙ্গর’ বঙ্গোপসাগরে মোতায়েন ছিল। মুক্তিযুদ্ধের সময় সেই সাবমেরিন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস খুকরিকে ডুবিয়ে দিয়েছিল। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান এ অঞ্চল থেকে তাদের সামরিক উপস্থিতি গুটিয়ে নেয় এবং মূলত আরব সাগরকেন্দ্রিক কার্যক্রমে সীমাবদ্ধ থাকে।
বঙ্গোপসাগর বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং সামুদ্রিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাসহ একাধিক দেশের জন্য এ অঞ্চলের কৌশলগত গুরুত্ব ক্রমেই বাড়ছে।
কমোডর ফারুক সাক্ষাৎকারে পিএনএস হ্যাঙ্গরকে ‘গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করে বলেন, আটটি হ্যাঙ্গর-শ্রেণির সাবমেরিন অন্তর্ভুক্তির মাধ্যমে পাকিস্তান বঙ্গোপসাগরে নিজেদের নৌ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে চায়। তার এই মন্তব্যকে আঞ্চলিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :