আকামা বাতিলের পর গ্রেস পিরিয়ড কমল

প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা জারি করল কাতার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা জারি করল কাতার

প্রবাসী ও দর্শনার্থীদের জন্য রেসিডেন্সি এবং ভ্রমণ সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে কাতার। দেশটিতে বসবাসরত প্রবাসীদের রেসিডেন্সি পারমিট বা আকামা বাতিল হওয়ার পর বৈধভাবে অবস্থানের গ্রেস পিরিয়ড ৩০ দিন থেকে কমিয়ে ১৪ দিন বা দুই সপ্তাহ করা হয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত ‘নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া’ শীর্ষক একটি ওয়েবিনারে এই নতুন নির্দেশনা জানানো হয়। বিমানবন্দর পাসপোর্ট বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আলী আহমেদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগে আকামা বাতিলের পর প্রবাসীরা ৩০ দিন পর্যন্ত থাকার সুযোগ পেলেও এখন তা কমিয়ে ১৪ দিন নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত ১৪ দিনের মধ্যে দেশ ত্যাগ না করলে প্রতিদিন ১০ কাতারি রিয়াল করে জরিমানা গুনতে হবে।

একই সঙ্গে ভিজিটর ও পর্যটকদের জন্যও কঠোর সতর্কতা জারি করা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করলে প্রতিদিন ২০০ কাতারি রিয়াল জরিমানা আরোপ করা হবে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ প্রবাসীদের ‘মেট্রাশ’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের আইনি স্ট্যাটাস, বকেয়া ট্রাফিক ফাইন ও অন্যান্য সরকারি পাওনা যাচাই করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি রেসিডেন্সি পারমিট নবায়ন, পাসপোর্ট আপডেট এবং প্রয়োজনীয় প্রশাসনিক কাজও এই অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে বলে জানানো হয়েছে।

ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে মোট ৭৬টি ইলেকট্রনিক গেট চালু রয়েছে।

এছাড়া কাতারে জন্ম নেওয়া নবজাতকদের আইনি প্রক্রিয়া সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। জন্মের পর পাসপোর্ট কর্তৃপক্ষকে জানানো, দূতাবাস থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং বাবার স্পন্সরশিপের অধীনে রেসিডেন্সি পারমিট নিশ্চিত করার কথা বলা হয়েছে।