
ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় মানবিক সহায়তা কার্যক্রম জোরদার এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৭ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর মানবিক বিষয়ক অধিবেশনে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিবেশনে শামা ওবায়েদ ইসলাম মানবিক নীতিমালার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে সংঘাত, জলবায়ু পরিবর্তন ও নানা মানবিক সংকটের কারণে সাধারণ মানুষ বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে মানবিক সহায়তার জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো জরুরি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয়ক উন্মুক্ত বিতর্কেও অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তিনি টেকসই শান্তি প্রতিষ্ঠা, সংঘাত পরবর্তী পুনর্মিলন প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
শামা ওবায়েদ ইসলাম বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-এ দায়িত্ব পালন করা বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন।
এদিকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের কারণে নারী ও শিশুদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মানবিক অর্থায়নের ঘাটতি দূর করার আহ্বান জানান। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
জাতিসংঘে অবস্থানকালে শামা ওবায়েদ ইসলাম ২০২৬ সালের ইকোসক মানবিক বিষয়ক অধিবেশনের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা-২-এ অংশ নেবেন। এছাড়া তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেন-এর আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
আপনার মতামত লিখুন :