
দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে।
বুধবার (১৭ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক পত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।
জানা গেছে, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নিয়োগসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে সভাপতি এবং সৈয়দ জাহাঙ্গীর আলমকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন এ দায়িত্বের মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :