নওগাঁয় ২ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার


নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
নওগাঁয় ২ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।

গত বুধবার (১৭ জুন) রাতে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবির একটি টিম মহাদেবপুর থানা এলাকায় অভিযান চালায়। রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার শিবগঞ্জ মোড় এলাকায় একটি চায়ের দোকানের আশপাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিতে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম সেরকুল (৪০), তিনি পাইকপাড়া এলাকার বদর উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে পূর্বে আরও পাঁচটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।