এবার গণভবনের সামনে যুবলীগের মিছিল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
এবার গণভবনের সামনে যুবলীগের মিছিল

রাজধানীর গণভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

মিছিলের স্থান নিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে সংশ্লিষ্ট দুই থানার পুলিশ। মোহাম্মদপুর ও শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানিয়েছেন, মিছিলটি তাদের নিজ নিজ থানা এলাকার মধ্যে হয়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ব্যানার নিয়ে মিছিল বের করে। মিছিলটি প্রথমে রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে শুরু হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে গণভবনের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়।

ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, ‘আমাদের থানা এলাকায় কোনো মিছিল হয়নি। মিছিল কখন হয়েছে, সে বিষয়েও আমাদের জানা নেই। যতটুকু দেখেছি, এটি শেরে বাংলা নগর থানা এলাকায় হয়েছে।’ তিনি আরও জানান, মিছিল থেকে কাউকে আটক করা হয়নি।

অন্যদিকে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। এটি আমাদের থানার মধ্যে পড়ে না। এরপরও বিষয়টি খোঁজ নেওয়ার জন্য বলা হয়েছে।’

এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আটকের তথ্য জানানো হয়নি। তবে গণভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ ধরনের মিছিলের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।