ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তি প্রকাশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তি প্রকাশ

যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ নথি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৪টি দফা রয়েছে, যা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমঝোতার কাঠামো নির্ধারণ করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে। তিনি আরও বলেন, চুক্তি সই অনুষ্ঠানে তার উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।

প্রকাশিত ১৪ দফা অনুযায়ী, দুই দেশ ও তাদের মিত্ররা অবিলম্বে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করবে এবং একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধ বা হুমকি থেকে বিরত থাকার অঙ্গীকার করবে। এতে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তিতে আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা পারস্পরিক সম্মতিতে বাড়ানো যেতে পারে। একই সঙ্গে নৌ অবরোধ প্রত্যাহার, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং হরমুজ প্রণালিসহ আঞ্চলিক জলপথ উন্মুক্ত করার বিষয়ে বিস্তারিত রূপরেখা দেওয়া হয়েছে।

অর্থনৈতিক দিক থেকে ইরানের পুনর্গঠন ও উন্নয়নের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনার কথা বলা হয়েছে, যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আর্থিক লেনদেনের অনুমোদনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ইরানের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর তত্ত্বাবধানে উপাদান ব্যবস্থাপনায় সম্মতি জানিয়েছে।

চুক্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তেল রপ্তানি, ব্যাংকিং ও বাণিজ্যিক কার্যক্রমে ধাপে ধাপে ছাড় দেওয়া হবে এবং ইরানের অবরুদ্ধ সম্পদ ব্যবহারের সুযোগ তৈরি করা হবে।

সবশেষে, চুক্তি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মেকানিজম গঠনের কথা উল্লেখ করা হয়েছে এবং চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের মাধ্যমে বাধ্যতামূলক রূপ পাবে বলে জানানো হয়েছে।