আদমদীঘিতে তৃতীয় শ্রেণির ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক


শারমিন খাতুন: প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
আদমদীঘিতে তৃতীয় শ্রেণির ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক শিশুকন্যার ওপর নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার ১৫ জুন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় শিশুটির বাবা বাড়ির পাশে রাজমিস্ত্রির কাজ করছিলেন। একই সময়ে অভিযুক্ত মো. পিন্টু (আতোয়ার সাখিদারের ছেলে) বাড়ির ভেতরে টোপা তৈরির কাজ করছিলেন। এ সময় শিশুটি বাড়িতে ফিরলে অভিযুক্ত তাকে কৌশলে পাশের একটি ঘরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে শিশুটির চিৎকার শুনে তার বাবা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. পিন্টু পালিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

শিশুটির বাবা আরও অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করেন। পরে গত বুধবার দুপুরে তিনি আদমদীঘি থানায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে শিশুটিকে পরিবারের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।