
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৮ হাজার ৮৬৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিন অনুযায়ী, বাংলাদেশ সময় ১৮ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১৪৫টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ অফিস সূত্রে জানা গেছে, এসব ফিরতি ফ্লাইটের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫৪ হাজার ৩২০ জন হাজি দেশে ফিরেছেন।
এবার পবিত্র হজ পালন করতে গিয়ে মোট ৫২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ১৬ জন হাজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এছাড়া সৌদি আরবে পরিচালিত মেডিকেল সেন্টারগুলোর মাধ্যমে ৬৫ হাজার ৮৮৮ জন হাজিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্প ডেস্ক, মক্কা ও মদিনা থেকে ২৮ হাজার ১৬৭ জন হাজি বিভিন্ন সেবা গ্রহণ করেছেন।
এর আগে, চলতি বছরের হজযাত্রার প্রথম ফ্লাইট গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ২১ মে প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম শেষ হয়।
চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। হজযাত্রীদের ফেরত আনার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে ফ্লাইট পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :