সোনাকানিয়ার চেয়ারম্যান জসিম উদ্দিনের পুনর্বহাল ঠেকাতে স্মারকলিপি


চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
সোনাকানিয়ার চেয়ারম্যান জসিম উদ্দিনের পুনর্বহাল ঠেকাতে স্মারকলিপি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনকে পুনরায় দায়িত্বে পুনর্বহাল না করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় সচেতন নাগরিক ও ‘জুলাই আন্দোলনের’ কর্মীরা।

বুধবার (১৭ জুন) সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের কার্যালয়ে গিয়ে এলাকাবাসীর পক্ষে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে জসিম উদ্দিনকে ‘ভোটবিহীন চেয়ারম্যান’ এবং একাধিক হত্যা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে তীব্র আপত্তি জানানো হয়। অভিযোগে বলা হয়, তিনি অতীতে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে চেয়ারম্যান পদে ছিলেন এবং বর্তমানে জামিনে মুক্ত হয়ে পুনরায় দায়িত্বে ফেরার চেষ্টা করছেন।

স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে এবং অতীত কর্মকাণ্ডের কারণে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাকে পুনরায় দায়িত্বে না বসানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন নথি, ছবি ও গণস্বাক্ষরও সংযুক্ত করে প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।