
প্রধানমন্ত্রী ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে জেলা পরিষদ জেলার বিভিন্ন স্থানে ব্যাপক আকারে গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি তিনি সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস.এম. মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বিএনপি নেতা আব্দুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাসুম বিল্লাহ শাহীন, সোহেল আহমেদ মানিক, জেলা তাঁতী দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ আবু রায়হানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত সবাই পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কার্যক্রম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :