স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট মোকাবিলায় স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৭ জুন) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট রাজবাড়ী সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা একটা অথৈ সাগরের মধ্যে সাঁতার কাটছি। তারপরও আল্লাহর রহমতে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার ডাক্তার নেব। পাশাপাশি চিকিৎসকদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।”

তিনি জানান, রাজবাড়ী সদর হাসপাতালে ১৪ জন নতুন চিকিৎসক পদায়ন করা হয়েছে। এর মধ্যে ছয়জন এখনো যোগদান করেননি। এছাড়া দুইজন কনসালটেন্ট দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে থাকা ডেপুটেশন বাতিল করা হচ্ছে। দায়িত্বে অবহেলা করা চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ী সদর হাসপাতালের এক নারী চিকিৎসক দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং অন্যত্র প্র্যাকটিস করছেন—এমন অভিযোগ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে, এর মধ্যে যোগদান না করলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ১৭ বছরের জঞ্জাল একদিনে দূর করা সম্ভব নয়। তবে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। চিকিৎসক, নার্স, আয়াসহ স্বাস্থ্যখাতের সবাইকে একটি টিম হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিনা চিকিৎসায় কাউকে মরতে দেওয়া হবে না—এ লক্ষ্যেই সরকার কাজ করছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালের নতুন ভবন প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই ভবনটির উদ্বোধন করা হবে। এজন্য প্রয়োজনীয় আসবাবপত্র, যন্ত্রপাতি, সুপেয় পানি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনের সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, কর্মচারীদের হাজিরা ও হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে চিকিৎসকদের হাজিরা খাতা এবং মাস্টাররোল কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি হাসপাতালে আইসিইউ সুবিধা চালু এবং ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গরিব রোগীরা যাতে কম খরচে চিকিৎসা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় মেশিন কেনার প্রক্রিয়া চলছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।