সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বেসরকারি বিমান সংস্থার ফ্লাইটে রওনা হয়ে তিনি সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদেরও সতর্ক অবস্থানে দেখা যায়। সফরকে ঘিরে সিলেট ও মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিলেটে পৌঁছেই প্রধানমন্ত্রী সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এসব অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে কার্ড তুলে দেওয়া হবে।

এ ছাড়া বিকেলে শ্রীমঙ্গলের একটি অবকাশকেন্দ্রে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের কর্মসূচি শেষে বিকেল পৌনে ৬টায় তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। পরে রাত সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর ও সড়কপথের বিভিন্ন স্থানে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর গত ২ মে প্রথমবারের মতো সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে এবারের সফরে সিলেট জেলায় তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। পুরো সফরসূচি আবর্তিত হয়েছে মৌলভীবাজার জেলার বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে।