সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত। মঙ্গলবার (১৭ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত উল্লেখ করেন, তাকে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণে এ পদে দায়িত্ব পালন চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “আমাকে এ পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হতে আজ পদত্যাগ করছি।”

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আশিক রুবাইয়াত জানান, বর্তমানে তিনি পুরোপুরি আইন পেশায় মনোযোগ দিতে চান। তিনি বলেন, ১১ জুন থেকে দেশের বাইরে ছিলেন এবং সোমবার দেশে ফিরে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এদিকে আশিক রুবাইয়াতের পদত্যাগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, তিনি নিয়মিত অফিস করতেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এমন পরিস্থিতিতে তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আশিক রুবাইয়াত। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি রাষ্ট্রপক্ষের বিভিন্ন আইনি কার্যক্রমে যুক্ত ছিলেন।