
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সড়কের ওপর নির্মিত ব্রিজ ধসে পড়ায় কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীসহ হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হেরা পটকা গ্রামে বীর মুক্তিযোদ্ধা কবির সড়কের ওপর নির্মিত ব্রিজটি গত ১৫ জুন ভোরে একটি ভারী যানবাহন পারাপারের সময় হঠাৎ ধসে পড়ে। ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, এটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক। প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুল, মাদ্রাসা ও কলেজে যাতায়াতের জন্য এই সড়ক ব্যবহার করে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন চলাচলেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। ব্রিজ ধসে পড়ায় এখন দীর্ঘপথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে, ফলে সময় ও খরচ দুই-ই বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। ব্রিজটি ধসে যাওয়ায় সবাই ভোগান্তিতে পড়েছে। দ্রুত নতুন ব্রিজ নির্মাণ না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোসিংগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এদিকে ব্রিজ ধসে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কার বা পুনর্নির্মাণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :