
সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে সুবিধাবঞ্চিত ও কেস ম্যানেজমেন্টের আওতাভুক্ত শতাধিক শিশু ও তাদের পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ফ্যামিলি কিট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ইউনিসেফের সহায়তায় এবং “চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প (ফেজ-২)” এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা সমাজসেবা কার্যালয়, শ্যামনগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের সুরক্ষা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. দেলোয়ার হোসেন। তিনি বলেন, কেস ম্যানেজমেন্টের আওতায় থাকা শিশুদের উন্নয়নে সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিতরণকৃত ফ্যামিলি কিট তাদের দৈনন্দিন জীবনে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি মানবিক সহায়তা ও সামাজিক সুরক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে, যা উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।
আপনার মতামত লিখুন :