মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে বাংলাদেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। শামছুর রহমান শিমুল বিশ্বাস তার প্রশ্নে সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিতভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

তিনি জানান, সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেন্সিডিলসহ সব ধরনের মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সীমান্ত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করতে দুর্গম ও স্পর্শকাতর এলাকাগুলোতে নতুন বিওপি (বর্ডার আউটপোস্ট) ও টিওবি (টহল ঘাঁটি) নির্মাণ করা হয়েছে। আরও কিছু স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব স্থাপনার কারণে বিজিবির টহল কার্যক্রম বাড়ানো সম্ভব হয়েছে এবং সীমান্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের অতি সংবেদনশীল এলাকায় ইতোমধ্যে ‘স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম’ চালু করা হয়েছে। পাশাপাশি দুর্গম পার্বত্য সীমান্তে সীমান্ত সড়ক নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের মধ্যে চোরাচালান ও অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় অপরাধীদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।