বৃষ্টিতে কাদায় পরিণত মিয়ার বাজার কাঁচাবাজার সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী


বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
বৃষ্টিতে কাদায় পরিণত মিয়ার বাজার কাঁচাবাজার সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদী এলাকার প্রাণকেন্দ্র মিয়ার বাজার কাঁচাবাজার সড়কটি সামান্য বৃষ্টিতেই কাদামাটির দুর্ভোগে পরিণত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও কার্যকর সংস্কারের অভাবে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং জলাবদ্ধতা নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির পানি জমে সড়কটি প্রায়ই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ফলে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

এলাকাবাসী আরও জানান, এই সড়কের বেহাল অবস্থার কারণে অতীতেও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে মিয়ার বাজার পূর্বগলির কাঁচাবাজার সড়কে পা পিছলে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন উত্তর জলদী ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সবজি ব্যবসায়ী মনছুরের ছেলে মোহাম্মদ রিয়াদ (২২)। দোকান থেকে বের হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। ওই ঘটনার স্মৃতি এখনও স্থানীয়দের মনে গভীর বেদনার সৃষ্টি করেছে।

ব্যবসায়ীরা জানান, এটি এলাকার অন্যতম ব্যস্ত সড়ক হওয়ায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত হয়। কিন্তু সড়কের দুরবস্থার কারণে ক্রেতা কমে যাচ্ছে, ফলে ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাদা ও জলাবদ্ধতার কারণে অনেকেই বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, “এটি পৌরসভার প্রাণকেন্দ্রের সড়ক হলেও সামান্য বৃষ্টিতেই কাদায় একাকার হয়ে যায়। নারী, শিশু ও বয়স্কদের চলাচল সবচেয়ে বেশি কষ্টকর হয়ে পড়ে।”

সচেতন মহল মনে করছে, গুরুত্বপূর্ণ এই বাজার সড়কের এমন বেহাল অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত টেকসই সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, মিয়ার বাজার কাঁচাবাজার সড়ক দ্রুত সংস্কার করে নিরাপদ ও চলাচল উপযোগী করা এখন সময়ের দাবি।