
বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্য এবং বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। এছাড়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট চালু এবং মেডিকেল ট্যুরিজমের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে ডা. শফিকুর রহমান সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের নাগরিকদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন। তিনি যুদ্ধের কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় তিনি যুদ্ধবিরতি ত্বরান্বিত করতে শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ইরানকে ধন্যবাদ জানান এবং শান্তি প্রতিষ্ঠায় দেশটির গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি কার্যকর থাকবে এবং ইরান ভবিষ্যতে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা পালন করবে।
আলোচনার একপর্যায়ে বিরোধীদলীয় নেতা ইরান সরকারের সহযোগিতায় বাংলাদেশে বিশ্বমানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এছাড়া দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করে বলেন, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের আগ্রহ ও সদিচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেন। বৈঠকে উভয় পক্ষের ঊর্ধ্বতন কূটনীতিক ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :