বিরক্ত হয়ে এমপিকে ধমক দিলেন প্রধানমন্ত্রী, ঘটনা কী?


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
বিরক্ত হয়ে এমপিকে ধমক দিলেন প্রধানমন্ত্রী, ঘটনা কী?

সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের অসন্তোষ প্রকাশের পর বিকেলে সিলেট থেকে ঢাকায় ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বুধবার (১৭ জুন) সকালে মৌলভীবাজার সফরে যোগ দিতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে সিলেট বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা বিমানবন্দরে উপস্থিত হন। বিমানবন্দরের লাউঞ্জে একসঙ্গে কয়েকজন সংসদ সদস্যকে দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, “আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই? সংসদে যান।”

প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ উপস্থিত সংসদ সদস্যরা ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন এমরান আহমদ চৌধুরী।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছান। পরে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান তিনি। সেখানে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি সুবিধাভোগী পরিবারের সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। একই সঙ্গে সেখানে দুটি গাছের চারা—জাম ও কৃষ্ণচূড়া রোপণ করেন। পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদর উপজেলার ‘মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানেও তিনি দুটি গাছের চারা—আম ও নিম রোপণ করেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেট ও মৌলভীবাজারে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। তবে সংসদ অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের বিমানবন্দরে উপস্থিত থাকা নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রকাশের বিষয়টি আলোচনায় এসেছে।