বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য কাতারের জরুরি নির্দেশনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য কাতারের জরুরি নির্দেশনা

বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য রেসিডেন্স পারমিট বা আকামা বাতিলসংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে কাতার সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসীর রেসিডেন্স পারমিট বাতিল হলে বাতিলের তারিখ থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে তাকে কাতার ছাড়তে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে প্রতিদিন নির্দিষ্ট হারে জরিমানার মুখোমুখি হতে হবে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত নিরাপদ ভ্রমণবিষয়ক এক ওয়েবিনারে বিমানবন্দর পাসপোর্ট বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আলি আহমেদ আলি আল কুয়ারি এ তথ্য জানান।

তিনি বলেন, আগে রেসিডেন্স পারমিট বাতিল হওয়ার পর প্রবাসীদের দেশ ছাড়ার জন্য ৩০ দিনের একটি গ্রেস পিরিয়ড দেওয়া হতো। তবে নতুন নিয়মে সেই সময় কমিয়ে দুই সপ্তাহ বা ১৪ দিন করা হয়েছে।

আল কুয়ারি প্রবাসীদের সতর্ক করে বলেন, নির্ধারিত ১৪ দিনের সময়সীমা অতিক্রম করে কেউ কাতারে অবস্থান করলে তাকে অতিরিক্ত প্রতিদিনের জন্য ১০ কাতারি রিয়াল জরিমানা দিতে হবে।

ওয়েবিনারে ভিসা ও অবস্থানের মেয়াদ নিয়েও সতর্ক করা হয়। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ দেশটিতে অবস্থান করলে তাকে প্রতিদিন ২০০ কাতারি রিয়াল হারে জরিমানা দিতে হবে।

প্রবাসীদের যেকোনো ভ্রমণের আগে নিজেদের আইনি অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য ‘মেতরাশ’ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা কাতার ছাড়ার আগে তাদের কোনো বকেয়া ট্রাফিক জরিমানা, অতিরিক্ত অবস্থানের জরিমানা কিংবা ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কি না, তা সহজেই জানতে পারবেন।

এ ছাড়া নতুন পাসপোর্টে রেসিডেন্স পারমিট বা আকামা স্থানান্তরের ক্ষেত্রেও প্রবাসীরা মেতরাশ অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাতার সরকারের নতুন এই নির্দেশনার ফলে দেশটিতে বসবাসরত বাংলাদেশিসহ সব প্রবাসীকে তাদের বৈধ কাগজপত্র ও ভিসার মেয়াদ সম্পর্কে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।