প্রথম টি-টোয়েন্টির একাদশ নিয়ে যা বললেন লিটন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
প্রথম টি-টোয়েন্টির একাদশ নিয়ে যা বললেন লিটন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে একাদশ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিলেন না বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। ওয়ানডে সিরিজে পেসারদের দাপটে দারুণ সাফল্য পাওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে প্রস্তুত টাইগাররা।

মঙ্গলবার (১৬ জুন) টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ প্রসঙ্গে কথা বলেন লিটন। তিনি জানান, প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা, ম্যাচের উইকেট এবং উইকেটের আচরণ বিবেচনা করেই চূড়ান্ত একাদশ নির্বাচন করা হবে।

লিটন বলেন, ‘প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা, কোন উইকেটে খেলছি, উইকেটের আচরণ কেমন হবে—সবকিছু বিবেচনা করেই একাদশ সাজানো হবে। যেহেতু দুইজনের বেশি তিন স্পিনার একসঙ্গে খেলার সম্ভাবনা খুব কম। আবার খেলতেও পারে। দেখা যাক, কাল পর্যন্ত অপেক্ষা করেন।’

বাংলাদেশের স্কোয়াডে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের সঙ্গে আরও একজন স্পিনার থাকায় একাদশে স্পিন আক্রমণের সমন্বয় নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে অধিনায়কের বক্তব্যে স্পষ্ট, উইকেটের পরিস্থিতিই নির্ধারণ করবে চূড়ান্ত সিদ্ধান্ত।

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সাফল্যকে আত্মবিশ্বাসের বড় উৎস হিসেবে দেখছেন লিটন। তিনি বলেন, শুধু সিরিজ জয় নয়, তিন ম্যাচেই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, যা দলের জন্য ইতিবাচক দিক।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটকে আলাদা হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। তার মতে, এই সংস্করণে দুই দলের দলই ভিন্ন, তাই নতুন করে পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে। যদিও ওয়ানডে সিরিজ খেলা বেশিরভাগ ক্রিকেটার থাকায় আত্মবিশ্বাস কাজে লাগবে বলে মনে করেন তিনি।

এদিকে বাংলাদেশ পেস আক্রমণে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তাদের ফেরায় দলের শক্তি বেড়েছে বলে মন্তব্য করেন লিটন। তিনি বলেন, ‘এটা দলের জন্য খুবই ভালো। বেঞ্চ অনেক শক্ত হয়েছে। যেকোনো খেলোয়াড়কে খেলানো সম্ভব। তাসকিন ও ফিজ বড় নাম, তাদের অভিজ্ঞতাও অনেক।’

ব্যাটিং বিভাগ নিয়েও উন্নতির সুযোগ দেখছেন অধিনায়ক। বিশেষ করে লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের কাছ থেকে আরও দায়িত্বশীল পারফরম্যান্স প্রত্যাশা করছেন তিনি। লিটনের মতে, যেকোনো দলের বিপক্ষে জিততে হলে নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলতে হবে এবং সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করতে হবে।