দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর 

দেশের রেলপথকে আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে প্রধান প্রধান রুটে পর্যায়ক্রমে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের যোগাযোগ খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে প্রধান মহাসড়কগুলোতে পর্যায়ক্রমে এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক এবং সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি সড়ক নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত মালবাহী যানবাহন নিয়ন্ত্রণে আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করা হবে।

রাজধানী ঢাকার যানজট নিরসনে রিং রোড ও রেডিয়াল রোড নেটওয়ার্ক নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। এছাড়া গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও জানান, যমুনা নদীতে দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে।

রেল খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়েকে জাতীয় পরিবহন ব্যবস্থার প্রধান ভিত্তি হিসেবে গড়ে তুলতে ২০৪৫ সাল পর্যন্ত তিন ধাপে ২৪টি মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের সব রেলপথ পর্যায়ক্রমে দ্বৈত গেজ ব্যবস্থায় রূপান্তর করা হবে, যাতে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হয়। এ ছাড়া রেলের সক্ষমতা ও সেবার মান বাড়াতে আগামী বছরগুলোতে আন্তনগর ও কমিউটার ট্রেনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী।