
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসা কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ অন্যতম সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
বুধবার (১৭ জুন) ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)।
র্যাব-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় সক্রিয় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়। এর মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা-দে গ্রুপ’ অন্যতম সক্রিয় গ্যাং হিসেবে চিহ্নিত।
র্যাব সূত্র জানায়, গত ২৩ মে সন্ধ্যায় বিপ্লব ও হৃদয় নামে দুই ভাই গাড়িযোগে বাসায় ফেরার পথে পল্লবী এলাকার একটি মুদি দোকানের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে ইমনসহ ৭ থেকে ৮ জন তাদের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের ওপর হামলা চালানো হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়।
ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে মিরপুর-১২ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নুরাঙ্গীর নাহিদ বলেন, তদন্তে ‘ভইরা-দে গ্রুপের’ সদস্যদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় অন্যান্য কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধেও র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানকে রাজধানীতে কিশোর গ্যাং দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :