জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জনগণের অর্থ জনগণের কাছে না দিয়ে বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না। জনগণের অর্থ দিয়ে জনগণের উন্নয়নমূলক কাজ করা হবে। যারা বিদেশে অর্থ পাচারের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের মূল লক্ষ্য। দেশের উন্নয়নে নারী ও পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে না পারলে দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।

তিনি জানান, আগামী এক বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এছাড়া শ্রীমঙ্গলে ১৫০ জন চা শ্রমিকের সন্তানকে স্কলারশিপ দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ কৃষককে কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের মানুষের পাশে দাঁড়াতে চায়। মানুষের কল্যাণে কাজ করাই সরকারের উদ্দেশ্য। আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে বাজেট দেওয়া হয়েছে। একটি দল এটিকে জনবিরোধী বাজেট হিসেবে প্রচার করছে। জনবান্ধব বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না। যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে বিজয়ী করেছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের ঐক্য প্রয়োজন। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউ গণতন্ত্র নষ্ট করতে পারবে না। তিনি আরও বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে পারলে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।