চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনে নীতিগত অনুমোদন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনে নীতিগত অনুমোদন

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল স্থাপন, রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানি এবং একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠাসহ তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৭ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি খাতে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এছাড়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল স্থাপনের লক্ষ্যে গঠিত ‘বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে স্বাক্ষরিত উন্নয়ন ও ভূমি ইজারা চুক্তি সংক্রান্ত প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হলে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসবে, শিল্পায়ন ত্বরান্বিত হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।

এ ছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প খাতের সম্প্রসারণ এবং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।