এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: আমির হামজা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: আমির হামজা

বিএনপি সরকারের প্রস্তাবিত নতুন বাজেটকে ‘চানাচুরের’ সঙ্গে তুলনা করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তার মন্তব্য, এই বাজেট শুনতে ভালো লাগলেও বাস্তবে তা মানুষের উপকারে আসবে না, বরং খেলে পেট খারাপ হওয়ার মতো অবস্থা তৈরি করবে।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য। আমির হামজা বলেন, “এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়।” তিনি দাবি করেন, জাতীয় বাজেট হওয়া উচিত জনগণের কল্যাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার মাধ্যম।

তিনি বলেন, রাষ্ট্রের আয় বাড়াতে কর প্রশাসনকে আধুনিকায়ন করতে হবে। পাশাপাশি কর ফাঁকি ও অর্থপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে নতুন আয়ের ক্ষেত্র খুঁজে বের করার পরামর্শ দেন এই সংসদ সদস্য। দেশের অন্যতম বড় সমস্যা বেকারত্ব উল্লেখ করে আমির হামজা বলেন, কর্মসংস্থান তৈরিতে শিল্পায়নের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শিক্ষা খাতের বরাদ্দ নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ দেওয়া দরকার। একই সঙ্গে মাদরাসা শিক্ষার উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের এই নেতা বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। ইবতেদায়ী মাদরাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদরাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

কৃষকদের স্বার্থে স্বল্পমূল্যে সার, বীজ ও কৃষি সরঞ্জাম সরবরাহের দাবি জানান আমির হামজা। পাশাপাশি রেল যোগাযোগ উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর সুবিধার জন্য রেললাইন চালুর উদ্যোগ বাস্তবায়ন করা প্রয়োজন। বাজেট নিয়ে সরকারের ইতিবাচক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকার বলছে বাজেট নিয়ে মানুষের মধ্যে আনন্দ রয়েছে। কিন্তু বাস্তবে দেশের বিভিন্ন স্থানে বাজেটের প্রতিবাদে কর্মসূচি হয়েছে।

তিনি আরও বলেন, অতীতের মতো এবারের বাজেটের অর্থ যেন অপচয় বা পাচারের সুযোগ না পায়, সে বিষয়ে সরকারের সুস্পষ্ট নীতি জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। অর্থপাচার রোধে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।