ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নাকচ করল মার্কিন সিনেট


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নাকচ করল মার্কিন সিনেট

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ বন্ধের লক্ষ্যে আনা ‘যুদ্ধক্ষমতা প্রস্তাব’ (ওয়ার পাওয়ার্স রেজল্যুশন) আবারও নাকচ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। প্রায় চার মাস ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে সিনেটরদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে প্রস্তাবটি উত্থাপন করা হলেও প্রয়োজনীয় সমর্থন পায়নি।

বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ৪৭টি এবং বিপক্ষে ৪৮টি ভোট পড়ে। ফলে অল্প ব্যবধানে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। তবে ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সিনেটর দলীয় অবস্থানের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাবের পক্ষে ভোট দেন, যা বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

ভোটের আগে সিনেটে দেওয়া বক্তব্যে প্রস্তাবটির উত্থাপক ডেমোক্র্যাট সিনেটর রাফায়েল ওয়ারনক প্রেসিডেন্টের সামরিক ক্ষমতার ব্যবহারের সমালোচনা করেন। তিনি বলেন, প্রেসিডেন্টের আইনবহির্ভূত যুদ্ধমুখী পদক্ষেপের ওপর নিয়ন্ত্রণ আরোপের সময় এসেছে এবং এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সিনেট সদস্যদের প্রতি আহ্বান জানান।

এদিকে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি নতুন চুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে আলোচনা চলছে। তবে সম্ভাব্য এই চুক্তি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সিনেটরদের মধ্যেই সংশয় দেখা দিয়েছে। বিশেষ করে চুক্তির খসড়া ও আলোচনার অগ্রগতি সম্পর্কে সিনেটকে বিস্তারিত তথ্য না দেওয়ায় হোয়াইট হাউসের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন অনেক আইনপ্রণেতা।

জানা গেছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের জন্য আগামী শুক্রবারকে লক্ষ্য ধরে আলোচনা চলছে। তবে তার আগে প্রশাসন সিনেট সদস্যদের কোনো আনুষ্ঠানিক ব্রিফিং দেবে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। যুদ্ধের ব্যয়, কৌশল, লক্ষ্য এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছেন আইনপ্রণেতারা। সর্বশেষ এই ভোটাভুটির মাধ্যমে নবমবারের মতো যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে ব্যর্থ হলো, যা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে যুদ্ধ ও পররাষ্ট্রনীতি নিয়ে চলমান বিভাজনকে আরও স্পষ্ট করেছে।