আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। সরকারের বিশেষ নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার লক্ষ্যে ঘটনার মাত্র ১১০ দিনের মাথায় আদালত মামলার একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতে শুনানি শেষে আসামি আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বুধবার (১৭ জুন) থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ আদালতের কোর্ট ইন্সপেক্টর মোক্তার হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন গত ২৬ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামানের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মঙ্গলবার আদালতে সরকারপক্ষে পিপি অ্যাডভোকেট আকিলুল ইসলাম এবং রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল আলমের উপস্থিতিতে শুনানি শেষে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহের তাবাচ্ছুমকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। নিহত তাবাচ্ছুমের বাবা নজরুল ইসলাম একটি দর্জির দোকানের কর্মচারী এবং মা হালিমা খাতুন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়েব ফাউন্ডেশন’-এ চাকরি করেন।

এদিকে আবু তাহেরের দ্রুততম সময়ে ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন নিহত তাবাচ্ছুমের বাবা-মা।