
নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেলওয়ে লাইনের পাশে নেয়ামুল বাশির (৪৮) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে আত্রাই-রানীনগর মহাসড়কের সাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন বেড়া-হোসাইন রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক এবং নওগাঁর মক্কা হজ্ব এজেন্সির প্রতিনিধির দায়িত্বেও ছিলেন বলে জানা গেছে।
পরিবারের দাবি, শিক্ষক নেয়ামুল বাশিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার গ্রামের বাড়ি বাগমারা উপজেলার ঝিকরা এলাকায় এবং তার পিতার নাম মো. নজিবুর রহমান দেওয়ান। স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তিনি স্ত্রীকে ফোন করে জানান যে তিনি আত্রাই থেকে নওগাঁ গিয়ে এশার নামাজ আদায় করবেন। সে অনুযায়ী আত্রাই রেলস্টেশন এলাকা থেকে সিএনজি অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরের উদ্দেশে রওনা দেন। পথেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় বলে পরিবারের দাবি।
নিহতের বড় ভাই মিজানুর রহমান অভিযোগ করেন, পূর্বশত্রুতার কারণেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :