সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিএন-এর ত্রৈমাসিক সভা ও নতুন কমিটি গঠন


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিএন-এর ত্রৈমাসিক সভা ও নতুন কমিটি গঠন

মানব পাচার প্রতিরোধে এনজিও ও নাগরিক সমাজ সংগঠনগুলোর মধ্যে টেকসই সমন্বয় এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় শহরের ম্যাংগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের ‘আশ্বাস’ প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্না। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সিটিএন-এর একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত আহ্বায়ক, ‘ক্রিসেন্ট’-এর নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক যুগ্ম আহ্বায়ক, ‘সিডো’-এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক এবং ‘হেড’-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সুইজারল্যান্ড এম্বাসেডরের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সভাটি সঞ্চালনা করেন প্রকল্প কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ। এ সময় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে সিটিএন-এর কার্যক্রম, এর যৌক্তিকতা এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান আইন (২০২৬)-এর গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

সভায় বক্তারা মানব পাচারবিরোধী কার্যক্রমে যৌথ উদ্যোগ, দ্রুত তথ্য আদান-প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সীমান্তবেষ্টিত সাতক্ষীরা জেলায় মানব পাচার প্রতিরোধে সব সংস্থার ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। তারা মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।