রামুতে র‌্যাবের অভিযান গোয়ালঘর থেকে বন্দুক ও দা উদ্ধার


চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
রামুতে র‌্যাবের অভিযান গোয়ালঘর থেকে বন্দুক ও দা উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

সোমবার (১৫ জুন) রাতের দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকার একটি বসতবাড়ির সংযুক্ত গোয়ালঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের সময় অস্ত্রগুলো ময়লার স্তূপের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় বলে জানায় র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে ওই এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করতে রাত সাড়ে ৯টার দিকে অভিযান শুরু করা হয়।

তল্লাশি চলাকালে গোয়ালঘরের ফাঁকা জায়গায় লুকানো অবস্থায় অস্ত্র দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি দেশীয় একনলা বন্দুক (দৈর্ঘ্য ৫৩.৫ ইঞ্চি) এবং একটি কাঠের হাতলযুক্ত ধারালো দা/ম্যাচেট (দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি)।

তবে আ. ম. ফারুক জানান, অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এলাকায় জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এমন চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।