
মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা এবং টিনেজ সাইবার অপরাধ সম্পর্কে নারী শিক্ষার্থীদের সচেতন করতে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
তিনি বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা এবং সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব তুলে ধরে তিনি বলেন, মাদক একজন ব্যক্তির জীবন ধ্বংস করার পাশাপাশি একটি পরিবার ও সমাজকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়। এ কারণে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এর কুফল সম্পর্কে সবাইকে সচেতন করা প্রয়োজন।
বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এর ফলে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই পরিবার ও সমাজকে এ বিষয়ে আরও সচেতন করার আহ্বান জানান তিনি।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা এবং দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সামান্য অসচেতনতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
সাইবার নিরাপত্তা বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ব্যক্তিগত তথ্য ও ছবি অপরিচিতদের সঙ্গে শেয়ার না করা, অনলাইন প্রতারণা ও সাইবার বুলিং থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। পাশাপাশি কোনো ধরনের অনলাইন হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সভায় তিন শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার তাদের উত্তর দেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত প্রদানকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রাবেয়া খাতুন। তিনি এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভা শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতে সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে। পুলিশ সুপারও ভবিষ্যৎ প্রজন্মকে আইন মেনে চলা, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :