
যুক্তরাষ্ট্রে একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর এবার রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে দেশটির একটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে রুশ সামরিক বাহিনীর টিইউ-২২এম৩ মডেলের বিমানটি বিধ্বস্ত হলেও এর চার সদস্যের ক্রু দল নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিকভাবে ইঞ্জিন বিকল হওয়া বা কোনো কারিগরি ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানটি জনবসতি থেকে দূরের একটি এলাকায় বিধ্বস্ত হওয়ায় মাটিতে কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এছাড়া দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো যুদ্ধাস্ত্র বা লাইভ গোলাবারুদ ছিল না।
বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে চারজন ক্রু সদস্য বিশেষ জরুরি পদ্ধতিতে (ইজেকশন সিস্টেম) বেরিয়ে আসেন। পরে উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কেউই প্রাণঘাতী আঘাত পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি আঙ্গারা নদীর তীরসংলগ্ন একটি বনাঞ্চলের দিকে দ্রুত নিচে নেমে যায়। পরে সেটি মাটিতে আছড়ে পড়লে ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়।
সামরিক বিশ্লেষকদের মতে, সোভিয়েত আমলে তৈরি টিইউ-২২এম৩ রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। এটি শব্দের গতির চেয়েও দ্রুত উড়তে সক্ষম এবং আধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনের জন্য ব্যবহৃত হয়।
উত্তর আটলান্টিক জোট ন্যাটো এই বিমানকে ‘ব্যাকফায়ার’ নামে চিহ্নিত করে। রাশিয়া সিরিয়া ও ইউক্রেনে পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানে টিইউ-২২এম৩ বোমারু বিমান ব্যবহার করেছে। সাম্প্রতিক এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রুশ সামরিক কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :