
২০২৬ ফুটবল বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোন ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবে, তা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে দলটি তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি পরবে। অন্যদিকে শেষ ম্যাচে দেখা যাবে নতুন কালো রঙের অ্যাওয়ে জার্সি।
গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া দলটি প্রথম দুই ম্যাচে চিরচেনা রূপে মাঠে নামলেও শেষ ম্যাচে নতুন সাজে দেখা যাবে।
বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা পরবেন আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল রঙের হাফপ্যান্ট ও নীল মোজা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের পোশাকে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচেও থাকবে দলের ঐতিহ্যবাহী হোম জার্সি। তবে গোলরক্ষক মার্টিনেজের পোশাকে পরিবর্তন আসবে। তিনি হালকা সবুজ রঙের গোলরক্ষকের পোশাক পরবেন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নতুন কালো অ্যাওয়ে জার্সি ব্যবহার করবে আর্জেন্টিনা। কালো রঙের জার্সিটিতে নীল ও আকাশি নীলের নকশা থাকবে। জার্সির নম্বর ও প্রতীক সাদা রঙে রাখা হয়েছে। ডালাসে অনুষ্ঠিতব্য ওই ম্যাচে মার্টিনেজের পোশাকও থাকবে সবুজ রঙের, তবে আগের ম্যাচের তুলনায় কিছুটা গাঢ় আভায়।
নতুন অ্যাওয়ে জার্সির নকশা তৈরিতে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করা হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের ঐতিহ্যবাহী অলংকরণশিল্প। জার্সির পেছনের অংশসহ বিভিন্ন নকশায় সেই শিল্পরীতির ছাপ ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা তাই গ্রুপ পর্বে দুটি ম্যাচে ঐতিহ্যের আকাশি-সাদা রঙে এবং একটি ম্যাচে নতুন কালো জার্সিতে মাঠে নামবে।
আপনার মতামত লিখুন :