সাতক্ষীরায় তরুণদের ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় তরুণদের ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

ডিজিটাল মাধ্যমে তরুণদের নিরাপদ ও দায়িত্বশীল মতপ্রকাশ নিশ্চিত করতে সাতক্ষীরায় ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ শীর্ষক একটি অর্ধদিবস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের ম্যাংগ্রোভ সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নেতৃত্বে বাস্তবায়িত ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় খুলনা বিভাগজুড়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে এটি আয়োজন করে বেসরকারি সংগঠন বাদাবন সংঘ।

কর্মশালায় সাতক্ষীরার তরুণ সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মীরা অংশ নেন। এতে মানবাধিকার, ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, অনলাইন নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং, প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ বিষয়ে মৌলিক ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ এবং প্রকল্পের সাতক্ষীরা কোয়ালিশন সদস্য এস এম সাজেদুল ইসলাম। তারা অংশগ্রহণকারীদের ডিজিটাল নিরাপত্তা, তথ্য যাচাইয়ের কৌশল এবং অনলাইনে দায়িত্বশীল আচরণ বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন তরুণ সংগঠক ও গণমাধ্যমকর্মীরা। বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য প্রচারের ক্ষেত্রে সচেতনতা ও যাচাই-বাছাইয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। তরুণদের মধ্যে এ বিষয়ে দক্ষতা তৈরি এখন সময়ের দাবি।