
দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
তিনি জানিয়েছেন, ঢাকার আশপাশের এলাকা ও দেশের দক্ষিণাঞ্চলের এসব জেলা নতুন করে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শেখ রবিউল আলম রবি বলেন, রেল মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা, সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রেল যোগাযোগ সম্প্রসারণ ও সেবার মান বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের রেল যোগাযোগ আরও বিস্তৃত করতে বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আখাউড়া-সিলেট ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্প রয়েছে। পাশাপাশি ধীরাশ্রমে কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
মন্ত্রী আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ উন্নয়নের কাজও চলমান রয়েছে। এই পথে বিদ্যমান মিটারগেজ ব্যবস্থার পাশাপাশি ব্রডগেজ রেলপথ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন করে যেসব জেলা রেল যোগাযোগের আওতায় আসছে সেগুলো হলো—শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন জেলাগুলো রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলে দেশের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং যাত্রী ও পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
আপনার মতামত লিখুন :