রামিসা হত্যাকাণ্ড: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
রামিসা হত্যাকাণ্ড: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন। আদালত ফৌজদারি বিশেষজ্ঞ একজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে নির্দেশ দিয়েছেন। মামলাটি বিশেষ বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং জেল আপিলের শুনানির জন্য ইতোমধ্যে পেপারবুক প্রস্তুত করে বিজি প্রেস থেকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। বর্তমানে এর যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। পেপারবুক প্রস্তুত হওয়ায় যেকোনো সময় হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলার চূড়ান্ত শুনানি শুরু হতে পারে।

আইন অনুযায়ী, নিম্ন আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। এ প্রক্রিয়ার অংশ হিসেবে নিম্ন আদালতের রায় ও নথি হাইকোর্টে পাঠানো হয়।

এর আগে গত ৯ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে মামলার ডেথ রেফারেন্স অনুমোদনের নথি হাইকোর্টে পাঠানো হয়। এর আগে ৭ জুন বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শিশু নির্যাতন ও হত্যার মতো গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়া এখন হাইকোর্টের চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।