
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত রুবেল প্রামাণিক (৩০), যিনি ‘ট্যাপেন্টা রুবেল’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল প্রামাণিক ওই এলাকার বিশু প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে এলাকাবাসী পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :