
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি.এম. বাবলু তার বিরুদ্ধে সম্প্রতি অনুষ্ঠিত মানববন্ধনে উত্থাপিত অভিযোগকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এ বিষয়ে সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে তিনি সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তার বিরুদ্ধে শ্যামনগর বাসস্ট্যান্ডে মানববন্ধন করা হয়, যা তার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, কাঠামারী গ্রামের মো. মিজানুর রহমান তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার পর থেকেই পূর্বশত্রুতার জের ধরে তাকে ফাঁসানোর চক্রান্ত চলছে। মামলার আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জি.এম. বাবলু শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইসলাম মনিরের বিরুদ্ধেও অভিযোগ আনেন। তিনি দাবি করেন, সামিউল ইসলাম মনির পূর্বে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মামলা করেছিলেন এবং বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থেকে মানুষকে হয়রানি করেন। এসবের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অভিযোগ আনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সময়ে কিছু গণমাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা।
সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মতামত লিখুন :