বিশ্বকাপে মাঠে নামার আগে বড় সুখবর পেলেন নেইমার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
বিশ্বকাপে মাঠে নামার আগে বড় সুখবর পেলেন নেইমার

ব্রাজিল জাতীয় দলে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। চলতি সপ্তাহে অনুশীলনে ফেরার কথা থাকলেও নতুন করে চোট পরীক্ষা-নিরীক্ষার কারণে এখনো মাঠে নামতে পারেননি এই তারকা ফরোয়ার্ড। এর মধ্যেই ব্যক্তিগত জীবনে নতুন সুখবর দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ পোস্টে নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি জানান, তারা নতুন সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। জানা গেছে, এটি হবে তাদের দ্বিতীয় এবং নেইমারের মোট পঞ্চম সন্তান। তাদের ঘরে এবার আরও একটি কন্যাসন্তান আসছে।

নেইমারের বর্তমান পরিবারে রয়েছে ছেলে ডেভি লুকা এবং কন্যা মাভি, হেলেনা ও মেল। এদিকে সংবাদ সংস্থা এপি জানায়, সোমবার ব্রাজিল দলের অনুশীলনে ফেরার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তিনি অংশ নেননি। ডান পায়ের মাংসপেশির চোটের অবস্থা পুনর্মূল্যায়নের জন্য নতুন পরীক্ষা করা হয়। তবে পরীক্ষার ফল তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোট পান নেইমার। এরপর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। চতুর্থ বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়ে জাতীয় দলের সঙ্গে থাকলেও এখনো পূর্ণ ফিটনেস ফিরে পাননি এই ফরোয়ার্ড।

আগামী ২০ জুন ফিলাডেলফিয়ায় নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। সেই ম্যাচে বেঞ্চে ছিলেন নেইমার। কোচ কার্লো আনচেলত্তি আশা করেছিলেন, হাইতি ম্যাচের আগে তিনি পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবেন। তবে সর্বশেষ পরিস্থিতিতে সেই সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।

ব্রাজিলের গণমাধ্যমগুলো বলছে, দলের মেডিক্যাল স্টাফরা আশাবাদী যে নকআউট পর্বে নেইমার সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।

ব্যক্তিগত জীবনে নেইমারের প্রথম সন্তান ডেভি লুকা জন্ম নেয় সাবেক সঙ্গী কারোল দান্তাসের সঙ্গে সম্পর্কের সময়। পরে ব্রুনা বিয়ানকার্দির ঘরে জন্ম নেয় মাভি ও মেল। এছাড়া বিভিন্ন সময়ে আরও দুই সন্তানের বাবা হন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এবার তার পরিবারে যুক্ত হতে যাচ্ছে নতুন সদস্য।