বাগেরহাটে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার: জেলায় বেকার প্রায় অর্ধলক্ষ


বাগেরহাট প্রতিনিধি, নূরুল হুদা প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
বাগেরহাটে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার: জেলায় বেকার প্রায় অর্ধলক্ষ

বাগেরহাটে মোট জনসংখ্যার মধ্যে উল্লেখযোগ্য অংশ কর্মহীন রয়েছে বলে “অর্থনৈতিক শুমারি ২০২৪”-এর তথ্য উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে জানানো হয়, বাগেরহাট জেলায় মোট জনসংখ্যা ১৬ লাখ ১৩ হাজার ৭৬ জন। এর মধ্যে ৪ লাখ ৯১ হাজার ৯৭৫ জন বিভিন্ন কর্মে নিয়োজিত রয়েছেন এবং ৪ লাখ ৫৬ হাজার ৯৩৪ জন গৃহস্থালি কাজে যুক্ত। পাশাপাশি জেলায় ৪৯ হাজার ৪২০ জন বেকার এবং ২৬ হাজার ৪৫৮ জন চাকরির সন্ধানে রয়েছেন।

সেমিনারে আরও জানানো হয়, জেলায় মোট ৪৬ হাজার ৮২৬টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কুটির শিল্প ৩৫ হাজার ৩৯১টি, ক্ষুদ্র ৫০৭টি, ছোট ১০ হাজার ৮৬৪টি, মাঝারি ৩৯টি এবং বৃহৎ ২৫টি প্রতিষ্ঠান রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. রাসিউল ইসলাম।

বক্তারা বলেন, বেকার সমস্যা সমাধানে মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণ জরুরি। সঠিক পরিসংখ্যানের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব বলে তারা মত দেন।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, অর্থনৈতিক শুমারি দেশের অর্থনৈতিক বাস্তব চিত্র তুলে ধরে, যা উন্নয়ন পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নির্ভুল তথ্য সংগ্রহে সকলের সহযোগিতা কামনা করেন এবং টেকসই উন্নয়নের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, “অর্থনৈতিক শুমারি ২০২৪” দেশের চতুর্থ অর্থনৈতিক গণনা, যা ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সারাদেশে পরিচালিত হয়।