বাংলাদেশের তৈরি জার্সিতে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
বাংলাদেশের তৈরি জার্সিতে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে চমক সৃষ্টি করেছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় এসেছে তাদের জাতীয় দলের জার্সি উৎপাদনে বাংলাদেশের সম্পৃক্ততা।

সোমবার (১৫ জুন) বিশ্বকাপের ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। শক্তিশালী ও শিরোপার অন্যতম দাবিদার স্পেনকে আটকে দিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করে আফ্রিকার ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি, যা ফুটবলবিশ্বে বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের জার্সির কাপড় সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়ঙ্গান কর্পোরেশন। আর জার্সি তৈরির কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত স্পোর্টস ব্র্যান্ড কাপেলি স্পোর্ট-এর কারখানায়।

বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরে যখন বিভিন্ন দেশের দলগুলো মাঠে লড়াই করছে, তখন তাদের পোশাক তৈরির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ। দেশের টেক্সটাইল ও স্পোর্টসওয়্যার শিল্পের ক্রমবর্ধমান সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নজর কাড়ছে।

ফুটবল ম্যাচে সাধারণত গোল, ফলাফল ও কৌশলগত লড়াইই আলোচনার কেন্দ্রবিন্দু হয়। তবে স্পেন–কেপ ভার্দে ম্যাচের পর বাংলাদেশের তৈরি জার্সির বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। এতে দেশের তৈরি পোশাক ও ক্রীড়া সামগ্রী শিল্পের সক্ষমতা বিশ্বমঞ্চে আরও একবার ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে।