
রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক বর্গাচাষীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর বড়দরগাহ ইউনিয়নের চাপাবাড়ী মৌজায় এ অভিযান চালানো হয়।
অভিযানে প্রবাসী মো. জোয়াদ মিয়ার কলাবাগানের জমির টয়লেটের পেছন থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. আব্দুল রহেদ আলী (৩৮) নামে এক বর্গাচাষীকে গ্রেপ্তার করা হয়। তিনি চাপাবাড়ী (নয়াপাড়া) গ্রামের দুদু মিয়ার ছেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বর্গা নেওয়া ওই জমিতে কলা চাষের পাশাপাশি গাঁজার গাছ রোপণ ও পরিচর্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
পরে গাছ দুটি উপড়ে মাপজোক করা হলে শিকড় থেকে মাথা পর্যন্ত প্রায় ১০ ফুট উচ্চতা পাওয়া যায় এবং গাছ দুটির মোট কাঁচা ওজন প্রায় ১৫ কেজি বলে জানায় পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :