পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস পালিত: র‌্যালি, আলোচনা সভা 


পলাশ উপজেলা প্রতিনিধি, কামরুজ্জামান  প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস পালিত: র‌্যালি, আলোচনা সভা 

নরসিংদীর পলাশ উপজেলায় বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ জুন) পলাশ উপজেলা পরিষদ হলরুমে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আইএসআইজিওপি প্রকল্পের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। উপজেলা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং রিকের মইনুল হকের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

মূল প্রবন্ধ ও ইশতেহার পাঠ করেন বালিয়া আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের সদস্য মেহেরুন্নেচা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আতিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুম ভুঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানা এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ ধারক। তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। প্রবীণ নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও বলা হয়, প্রবীণদের অধিকার রক্ষা এবং নির্যাতনমুক্ত মানবিক সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দিবসটি উপলক্ষে গত ১১ জুন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।