নওগাঁ ডিবির অভিযানে ৬৬৩ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার


নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
নওগাঁ ডিবির অভিযানে ৬৬৩ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মান্দা উপজেলায় অভিযান চালিয়ে ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকা উদ্ধার করেছে। এ সময় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল মান্দা উপজেলার গণেশপুর সেকিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মাদক ব্যবসায়ী সাইদুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তার স্ত্রী রাশেদা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে বাড়িতে তল্লাশি চালিয়ে ট্রাংকের ভেতর থেকে আরও ২৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এতে মোট উদ্ধার হওয়া মাদকের সংখ্যা দাঁড়ায় ৬৬৩ পিস।

এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক সাইদুর রহমানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।