ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে অনুভূত এ ভূমিকম্পে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপন্ন হওয়ায় কম্পনটি বিস্তীর্ণ এলাকায় তীব্রভাবে অনুভূত হওয়ার আশঙ্কা ছিল।

ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান।

এদিকে ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা কোনো সুনামি সতর্কতা জারি করেনি। ফলে উপকূলীয় এলাকায় তাৎক্ষণিক সুনামির ঝুঁকি নেই বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালী ভূমিকম্পের পর সাধারণত একাধিক আফটারশক বা পরাঘাত অনুভূত হতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থাপনায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে সুলাওয়েসির একই অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। সে সময় পালু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং ওই দুর্যোগে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সেই স্মৃতি এখনও স্থানীয় মানুষের মনে আতঙ্ক জাগায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নতুন কোনো ঝুঁকি দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় সতর্কতা জারি করা হবে। পাশাপাশি সম্ভাব্য আফটারশকের বিষয়েও জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।