আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ

ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক জামালুন্নেসা।মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনায় কর্তৃপক্ষ ও দেশের জনগণ গভীরভাবে শোকাহত। ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া যাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তদারকি ব্যবস্থা জোরদার এবং অভ্যন্তরীণ প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে। রোগীদের নিরাপত্তা ও পরিবেশগত মান উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলছে। আলো-বাতাস চলাচল ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থার উন্নয়নে তিনজন স্বাধীন কনসালটেন্টের তত্ত্বাবধানে কাজ করা হচ্ছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে যুক্ত ছিলেন। তিনি প্রায় ২৫ বছর ধরে অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন এবং সম্প্রতি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি সম্পন্ন করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে নতুন নেতৃত্বে হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও রোগী সেবার মান আরও উন্নত হবে।